নিজস্ব প্রতিবেদকঃ
পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও পাবনা জেলা আমীর অধ্যাপক আবু তালেব মন্ডলের নির্বাচনীয় প্রচারণায় বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিবের সমর্থকদের দ্বারা দফায় দফায় সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ, গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন জামায়াত সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
আজ বুধবার (২৭ নভেম্বর) এক বিবৃতিতে তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে তিনি বলেন, বুধবার বিকেলে ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি জগির মোড় এলাকায় এ বর্বরোচিত হামলায় অধ্যাপক আবু তালেব মন্ডলসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। তার গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং শতাধিক মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে—যা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনী পরিবেশকে বিনষ্ট করার প্রকাশ্য অপচেষ্টা।
তিনি আরও বলেন, একদিন আগে একই এলাকায় জামায়াত কর্মীদের ওপর বিএনপি সমর্থিত সন্ত্রাসীদের হামলার পর আজকের এই সশস্ত্র আক্রমণ প্রমাণ করে যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকরা ভয়াবহ সহিংস পরিবেশ সৃষ্টি করে নির্বাচনকে সহিংসতার দিকে ঠেলে দিতে চাইছে। একটি গণতান্ত্রিক দেশে নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ওপর আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সেক্রেটারি জেনারেল বলেন, “আমি এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি। পাশাপাশি আহত নেতা-কর্মীদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং তাদের পাশে থাকার জন্য স্থানীয় নেতৃত্বকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিচ্ছি।”
তিনি আরও বলেন, জামায়াত প্রার্থী ও নেতাকর্মীদের ওপর এ ধরনের বর্বরোচিত হামলা গণতান্ত্রিক অধিকার হরণের সামিল এবং শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশের ওপর সরাসরি হামলা। তবুও দল শান্তিপূর্ণভাবে প্রচার-প্রচারণা চালিয়ে যাবে এবং যেকোনো ধরনের সন্ত্রাসী হামলার বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে তিনি জানান।