মোঃ আব্দুর রহমান হেলাল
জেলা প্রতিনিধি:
ভোলায় জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবিতে বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখা বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। মিছিলে নেতৃত্ব দেন ভোলা-১ আসনের সংসদ প্রার্থী ও শিক্ষাবিদ অধ্যক্ষ মাওঃ মোঃ নজরুল ইসলাম।
নতুন বাজার চত্বর থেকে শুরু হওয়া মিছিলটি বাংলা স্কুল মোড়, কে জাহান মার্কেট, বরিশাল দালান ও হাটখোলা মসজিদ এলাকা প্রদক্ষিণ করে। মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, “জাতীয় নির্বাচনের আগে গণভোট নিশ্চিত করা না হলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। জুলাই সনদের বাস্তবায়ন ছাড়া নির্বাচন অসম্ভব।”
সমাবেশে বক্তারা জানান, জনগণকে সঙ্গে নিয়ে গণভোটের দাবিতে তারা দৃঢ় অবস্থান নেবে এবং প্রয়োজনে শক্তিশালী আন্দোলন চালাবে।
সমাবেশে বক্তব্য রাখেন অধ্যক্ষ নজরুল ইসলাম, জেলা সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদ। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি অধ্যক্ষ আব্বাস উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি ইসমাইল হোসেন মনির, জেলা কর্ম পরিষদ সদস্য অধ্যাপক আমির হোসেন, ভোলা সদর উপজেলা আমির মাওলানা কামাল হোসাইন, ভোলা পৌর আমির জামাল উদ্দিন, নায়েবে আমির মোঃ রুহুল আমিন, উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুল গাফফার ও মাওলানা আতাউর রহমান।